![]() |
| জুলাইয়ের অভ্যুত্থানে নিহত হওয়া ৫৫ জনের পরিবারকে অনুদান বিতরণ অনুষ্ঠানে সারজিস আলম। ছবি : সংগৃহীত |
জুলাইয়ের অভ্যুত্থানে নিহত ৫৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। শনিবার সকালে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “খুনি হাসিনা ও তার দোসরেরা আমাদের ব্যর্থ করতে সব রকমের চেষ্টা চালাচ্ছে। যদি আমরা ব্যর্থ হই, তবে এখানে যারা আছি, তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ৫ আগস্টের ঘটনার পর বহু শহীদের পরিবারকে লাশ দাফন পর্যন্ত করতে দেওয়া হয়নি, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। হয়রানির শিকার হয়েছেন। আবার যদি খুনি হাসিনার দোসরেরা ক্ষমতায় আসে, তখনো এমনটি ঘটবে।”
অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল ১১টা ৯ মিনিটে শুরু হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সারজিস আলম আরও বলেন, “কালো শকুনদের ষড়যন্ত্র এখনো থামেনি। কিন্তু আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা শহীদ পরিবার ও আহত ভাইবোনদের কোনোভাবেই দুর্দশাগ্রস্ত হতে দেব না। শহীদদের স্বপ্ন এবং স্পিরিট রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব এবং প্রয়োজন অনুযায়ী প্রশাসনসহ অন্যান্য সংস্থাকে সহযোগিতা করব। তবে যারা হত্যাযজ্ঞে জড়িত ছিল, তাদের ভিডিও ফুটেজ ও ছবির ভিত্তিতে শাস্তির আওতায় আনতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, “শহীদ পরিবারের দুঃখ-কষ্ট দেখে কেউ স্থির থাকতে পারে না। পুরো দেশই এই শহীদ পরিবারের কাছে ঋণী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী, পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন, এবং সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসা কর্মকর্তা তুবাউল জান্নান।
জুলাই অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আহনাফের মা জারতাজ পারভীন বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে আমার ছেলে মিরপুর-১০ নম্বরে গত ৪ আগস্ট নিহত হয়। তাকে অনেক বার নিষেধ করেও ঘরে আটকে রাখতে পারিনি। সন্তান হারানোর বেদনা যেন আর কোনো মাকে সইতে না হয়।” তিনি সব হত্যার বিচার দাবি করেন।

0 মন্তব্যসমূহ